জুমে জিআইটিসি-তে লড়বে বাংলাদেশের ১২ যুব প্রতিবন্ধী

৯ আগষ্ট, ২০২২ ১৬:০৬  
ন্যাশনাল লিগে উত্তীর্ণ হয়ে এবার গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ফর ইয়ুথ উইথ ডিজ্যাবিলিটিজ (জিআইটিসি) ২০২২ এর প্রাথমিক রাউন্ডে যাচ্ছে বাংলাদেশের ১২ জন বিশেষভাবে সক্ষম আইসিটি চ্যালেঞ্জার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে আগামী ১০ আগস্ট জুম প্লাটফর্মে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। আইসিটি টাওয়ারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। প্রতিযোগিতা হবে দুই রাউন্ডে। আগামী ১০-১১ আগস্ট প্রথম রাউন্ডে হবে দুইটি পরীক্ষা। প্রথম পর্বে ই-ক্রিয়েটিভ এবং ই-কন্টেন্ট, আইওটি (গ্রুপ ওয়ার্ক) এবং দ্বিতীয় পর্বে পাওয়ার পয়েন্ট, এক্সেল টুলের ব্যবহার এবং ই-লাইফম্যাপ (ব্যক্তিগত) নিয়ে প্রতিযোগিতা হবে। এ বছর সংগঠকের দেশ হিসেবে আয়োজক ছিল চীন। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে মূল ভ্যেনুতে প্রতিযোগিতা না হওয়ায় অনলাইনে এই প্রতিযোগিতার আয়োজন করেছে রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনাল, কোরিয়া (আরআই কোরিয়া) । প্রতিযোগিতায় ১৬টি দেশের প্রায় ১,৮০০ (মোট সংখ্যা) যুব প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করছে। আর আগামী ১৫-১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। প্রসঙ্গত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ২০১৬ সাল থেকে আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় যুব প্রতিবন্ধী ভাই-বোনদের তথ্য প্রযুক্তিতে উৎসাহ প্রদানের লক্ষ্যে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরী করে। রিহ্যাবিলেটেশন অব কোরিয়া ১৯৯২ সালে শুরু করেছিল, এটি ২০১১ সালে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পরিণত হয়েছে এবং এশিয়া-প্যাসিফিক দেশগুলির মধ্যে এটি আয়োজন করা হয়, যেখানে ২৮টি দেশের প্রায় ৪,০০০ যুবক গত ১০ বছরে অংশগ্রহণ করেছে৷